EN ☀️
×

Follow Us

বাণিজ্য

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে বিজিএমইএ-র ত্রাণ সহায়তা

সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের মাধ্যমে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে বিজিএমইএ-র ত্রাণ সহায়তা

বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী হস্তান্তর করছে বিজিএমইএ। ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গতদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি।

বিজিএমইএ-র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টানা এক সপ্তাহের বেশি সময়ের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, যার মধ্যে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ ও ১৬ জুলাই যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের কাছে বিজিএমইএ-র পক্ষ থেকে ২০০ বস্তা করে ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

ত্রাণসামগ্রী হস্তান্তর করেন বিজিএমইএ-র ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস. এম. আবু তৈয়ব, পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং সংগঠনটির বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান, রিয়াজ ওয়ায়েজ ও বশির উদ্দিন আহমেদ। এ সময় সিএমপি, জেলা পুলিশ ও বিজিএমইএ-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ গ্রহণকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিজিএমইএ-র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, ত্রাণসামগ্রী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ১৫ জুলাই বিজিএমইএ-র বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিএমইএ-র নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংগঠনটি জানিয়েছে, তৈরি পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বিজিএমইএ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন