EN ☀️
×

Follow Us

বাণিজ্য

চামড়ার বাজারে সিন্ডিকেট ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:২১ পিএম

চামড়ার বাজারে সিন্ডিকেট ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী
অ অ

কোরবানির পশুর চামড়ার বাজারে অব্যবস্থাপনা ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আমিনবাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে তিনি পরিদর্শন করেন।

কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম পর্যবেক্ষণ করতে তিনি সেখানে যান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি বাজার পরিস্থিতি, চামড়ার দাম ও সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা, সিন্ডিকেট বা চামড়ার অপচয় যাতে না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া রাজধানীসহ বিভিন্ন আঞ্চলিক বাজারে আসছে। এসময় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, সঠিকভাবে সংরক্ষণ এবং দ্রুত বিপণনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের তৎপরতা বেড়েছে।

আরও পড়ুন