EN ☀️
×

Follow Us

বাণিজ্য

এফবিসিসিআইকে কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

এফবিসিসিআইকে কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-কে কার্যকর, শক্তিশালী এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, এফবিসিসিআইকে ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে সংগঠনটির ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন।

মন্ত্রী বলেন, প্রয়োজনে গঠনমূলক ও ইতিবাচক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায়ে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সংগঠনটিকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সব ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত প্রদানের মাধ্যমে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংগঠনটিকে গতিশীল করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্ব ব্যবসায়ী সমাজ থেকেই আসা উচিত এবং সংগঠনটি যেন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করা হবে।

ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে তিনি জানান, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খানসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ অনেকে।

আলোচনায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা নির্বাচন-পূর্ববর্তী সময়ে ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও উত্থাপন করেন।

আরও পড়ুন