হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে যে ফিচার
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
মেসেজিং দুনিয়ার অঘোষিত সম্রাট হোয়াটসঅ্যাপে এবার উল্টো সুর। সাধারণত নতুন ফিচারের জোয়ারে ভাসলেও, এবার নিজেদের একটি বহুল আলোচিত ফিচার চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মেটার এই প্ল্যাটফর্মটি। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে চালু করা ‘অ্যাভাটার’ ফিচারটি এখন বন্ধ হওয়ার চূড়ান্ত তালিকায়।
ভার্চুয়াল জগতকে আরও প্রাণবন্ত করতে ব্যবহারকারীর আদলে ডিজিটাল স্টিকার বা ‘অ্যাভাটার’ তৈরির সুযোগ দিয়েছিল হোয়াটসঅ্যাপ। লক্ষ্য ছিল চ্যাটিংকে আরও ব্যক্তিগত ও মজাদার করা। তবে মেটার হিসেব মেলেনি।
সাম্প্রতিক তথ্য বলছে, সাধারণ ব্যবহারকারীরা ডিজিটাল কার্টুনের চেয়ে নিজেদের বাস্তব ছবি বা গতানুগতিক ইমোজিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আশানুরূপ জনপ্রিয়তা না পাওয়াই এই ফিচারটি বাতিলের প্রধান কারণ।
হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী, এই পরিবর্তনটি হুট করে নয় বরং ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে।
নতুন করে এডিট অসম্ভব: ব্যবহারকারীরা এখন থেকে আর নতুন অ্যাভাটার তৈরি বা পুরনোটি পরিবর্তন করতে পারবেন না।
মুছে যাচ্ছে অপশন: অ্যাপের সেটিংস, চ্যাট উইন্ডো এবং কিবোর্ড থেকে ধীরে ধীরে এই সেকশনটি সরিয়ে নেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে নোটিফিকেশন পেতে শুরু করেছেন। অনেকেই দেখছেন তাদের প্রোফাইল থেকে অ্যাভাটার অপশনটি পুরোপুরি উধাও হয়ে গেছে। ডিজিটাল স্টিকারের এই যুগে হোয়াটসঅ্যাপের এই 'পিছুটান' প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।