জিমেইলের নতুন ফিচার অপব্যবহার করে ভুয়া মেইল পাঠাচ্ছে হ্যাকাররা
৪ কোটি ৮০ লাখ জিমেইল অ্যাকাউন্ট হুমকির মুখে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি জিমেইল ব্যবহারকারীর জন্য নতুন এক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। গুগলের সম্প্রতি চালু করা একটি ই-মেইল পরিবর্তনের সুবিধাকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট দখলের চেষ্টা করছে সাইবার অপরাধীরা।
জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল ও ফক্স নিউজ- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের শুরুতে গুগল ব্যবহারকারীদের জন্য তাদের পুরোনো জিমেইল ঠিকানা ঠিক রেখে নতুন একটি ই-মেইল ঠিকানা যুক্ত করার সুবিধা চালু করে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের সুযোগ নিতেই প্রতারকেরা ‘জিমেইল ঠিকানা পরিবর্তন’ বা ‘নিরাপত্তা যাচাই’ সংক্রান্ত ভুয়া ই-মেইল পাঠাচ্ছে। এসব বার্তা অনেক সময় [email protected] এর মতো বিশ্বাসযোগ্য ঠিকানা থেকে পাঠানো হয়।
ব্যবহারকারীকে একটি লিংকে ক্লিক করে নতুন ঠিকানা নিশ্চিত করতে বা অ্যাকাউন্ট যাচাই করতে বলা হয়। এই লিংকগুলো মূলত sites.google.com- এ হোস্ট করা ভুয়া পেজে নিয়ে যায়, যা দেখতে হুবহু গুগলের অফিসিয়াল লগইন পাতার মতো।
অসতর্কভাবে সেখানে পাসওয়ার্ড প্রদান করলেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এতে গুগল ড্রাইভ, ফটোসসহ ওই ই-মেইল দিয়ে যুক্ত থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ছে।
প্রযুক্তি বিশ্লেষক কার্ট নুটসন জানিয়েছেন, যারা কাজের প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে পুরোনো ই-মেইল বদলাতে চান, তাদের জন্য গুগলের নতুন ফিচারটি অত্যন্ত সহায়ক। এতে ঠিকানা বদলালেও পুরোনো ইনবক্স, ড্রাইভের ফাইল ও সাবস্ক্রিপশন অপরিবর্তিত থাকে।
তবে নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলার সম্প্রতি প্রায় ১৪ কোটি ৯০ লাখ ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টের একটি বিশাল ডেটাবেজ খুঁজে পেয়েছেন, যার মধ্যে ৪ কোটি ৮০ লাখই জিমেইল ব্যবহারকারীর।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কিছু জরুরি পরামর্শ দিয়েছেন-
- ই-মেইলের লিংকে ক্লিক না করে সরাসরি ব্রাউজারে myaccount.google.com লিখে নিরাপত্তা সতর্কবার্তা যাচাই করুন।
- ই-মেইলে যদি আপনার নাম উল্লেখ না করে সাধারণ সম্বোধন থাকে বা অ্যাকাউন্ট ডিলিট করার হুমকি দেওয়া হয়, তবে তা এড়িয়ে চলুন।
- অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে দ্রুত টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন।
গুগল জানিয়েছে, প্রকৃত সতর্কবার্তায় কোন ডিভাইস থেকে এবং কখন লগইন করার চেষ্টা করা হয়েছে, সেই বিস্তারিত তথ্য থাকে। কোনো সন্দেহজনক মেইল পেলে তা না খুলে দ্রুত ডিলিট করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।