ডিভাইস বিক্রি বা সারাতে দেওয়ার আগে যা করণীয়
ফোন-ল্যাপটপ হস্তান্তরের আগে জরুরি কিছু কাজ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব- বর্তমান যুগে আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রয়োজন ফুরিয়ে গেলে পুরোনো ডিভাইসটি বিক্রি করা কিংবা বিকল হলে সার্ভিস সেন্টারে সারাতে দেওয়াটা খুবই স্বাভাবিক। তবে আপনার শখের এই গ্যাজেটটি অন্যের হাতে তুলে দেওয়ার আগে আপনি কি নিশ্চিত যে আপনার ব্যক্তিগত তথ্যগুলো সুরক্ষিত আছে?
সচেতনতার অভাবে আপনার অজান্তেই অন্যের হাতে চলে যেতে পারে ব্যক্তিগত ছবি, সংবেদনশীল নথি, ব্যাংকিং তথ্য কিংবা অনলাইন লেনদেনের রেকর্ড। যা পরবর্তীতে ব্ল্যাকমেল বা বড়ো ধরনের আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। তাই ডিভাইস হস্তান্তরের আগে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
ডিভাইসটি হাতবদল করার আগে প্রথমেই সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় ফাইল, ছবি বা নথিগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখুন। ক্লাউড স্টোরেজেও (যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড) তথ্য জমা রাখতে পারেন।
ফ্যাক্টরি রিসেট করার আগে ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করা নিরাপদ। শুধু ডিলিট করলেই অনেক সময় তথ্য পুরোপুরি মোছে না। তাই প্রয়োজনে নির্ভরযোগ্য ‘ডেটা ওয়াইপ’ সফটওয়্যার ব্যবহার করে তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে হবে।
সব তথ্য ব্যাকআপ নেওয়া হয়ে গেলে ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট করুন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিশ্চিত হওয়ার জন্য সম্ভব হলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা উচিত। এতে পুরোনো ডেটা রিকভার করার সম্ভাবনা একদম কমে যায়।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা অনলাইন ওয়ালেট- সব ধরনের সোশ্যাল মিডিয়া ও আর্থিক অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ-আউট করুন। ব্রাউজারে বা অ্যাপে কোনো পাসওয়ার্ড ‘অটো-সেভ’ করা থাকলে তা ম্যানুয়ালি ডিলিট করে নিন।
স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে অনেকে ঘরবাড়ির বিভিন্ন স্মার্ট গ্যাজেট পরিচালনা করেন। ডিভাইসটি অন্যের হাতে দেওয়ার আগে সেই সব সংযোগ বিচ্ছিন্ন করে আপনার নতুন ডিভাইসের সঙ্গে যুক্ত করে নিন।
সবশেষে, যে সফটওয়্যার বা পদ্ধতি ব্যবহার করে আপনি তথ্য মুছেছেন, তা সত্যিই কার্যকর হয়েছে কি না, তা পেশাদার কোনো টুলের মাধ্যমে যাচাই করে নেওয়া ভালো।
প্রযুক্তি কেবল আমাদের জীবন সহজই করে না, অসতর্কতায় বয়ে আনতে পারে বিপদও। তাই পুরোনো স্মার্ট গ্যাজেট হস্তান্তরের আগে এই সাধারণ সতর্কতাগুলো আপনার ব্যক্তিগত জীবনকে রাখতে পারে নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত।