প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের ইতিহাস
ইতিহাস গড়লেন আলকারাজ: জোকোভিচের ‘২৫’ অধরাই রয়ে গেল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি
রড লেভার অ্যারেনায় ইতিহাস গড়ার হাতছানি ছিল নোভাক জোকোভিচের সামনে। লক্ষ্য ছিল মার্গারেট কোর্টকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ ২৫তম গ্র্যান্ড স্লাম জয়।
কিন্তু সেই ইতিহাস গড়া হলো না সার্বিয়ান মহাতারকার। উল্টো জোকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা হিসেবে আবির্ভূত হলেন কার্লোস আলকারাজ।
২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে জয়ী হয়ে স্প্যানিশ এই তরুণ তুর্কি শুধু প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনই জিতলেন না, পূর্ণ করলেন পরম আরাধ্য ‘ক্যারিয়ার স্লাম’।
মাত্র ২২ বছর বয়সে চারটি ভিন্ন গ্র্যান্ড স্লাম (ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন) জয়ের কীর্তি গড়লেন আলকারাজ। এর মাধ্যমে তিনি স্বদেশি কিংবদন্তি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার স্লাম’ পূর্ণ করার বিশ্বরেকর্ড নিজের করে নিলেন। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
-697f651c2bf73.jpg)
ম্যাচের শুরুটা অবশ্য ছিল রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচের দাপটে। প্রথম সেটটি মাত্র ৩৩ মিনিটে ৬-২ গেমে জিতে নিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান আলকারাজ। ৩৬ মিনিটে ৬-২ ব্যবধানে সেট জিতে সমতা ফেরান তিনি। তৃতীয় সেটে চলে সমানে সমান লড়াই। ৫১ মিনিট স্থায়ী এই সেটে প্রতিটি পয়েন্টের জন্য ঘাম ঝরাতে হয়েছে দুজনকে। শেষ পর্যন্ত ৬-৩ গেমে সেটটি নিজের পকেটে পোরেন আলকারাজ।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় চতুর্থ সেটে। ১ ঘণ্টা ২ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। ১২ নম্বর গেমে এসে প্রথম সার্ভিস ব্রেক করতে সক্ষম হন আলকারাজ। আর তাতেই সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবারের মতো উঁচিয়ে ধরেন নরমান ব্রুকস কাপ।
রড লেভার অ্যারেনায় এর আগে কোনোদিন ফাইনাল হারেননি জোকোভিচ। তবে এবার আর ভাগ্য সহায় ছিল না। কেন রোজওয়ালের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আপাতত অপূর্ণই রয়ে গেল।