এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর
এবিজি মিডিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ভবিষ্যতে পুরস্কার কোটি টাকা
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম
ছবি: ডেইলি সান
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ এবং রানারআপ দল পাবে ২৫ লাখ টাকা। তবে এখানেই শেষ নয়, আগামী বছরগুলোতে টুর্নামেন্টের প্রাইজমানি ও বোনাসের অঙ্ক কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সায়েম সোবহান আনভীর বলেন, তার বাবা আহমেদ আকবর সোবহান মনে করেন, গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের বন্ধু ও দীর্ঘদিনের সহযোগী। তাই গণমাধ্যমকর্মীদের অবদান যথাযথভাবে মূল্যায়নে পুরস্কারের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়।
তিনি জানান, শুরুতে টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ টাকা রাখার বিষয়ে আলোচনা হলেও পরে তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের আসরে রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি। পরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ টাকা নগদ পুরস্কারের ঘোষণা দেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন, যেন আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজমানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।’
তার এ ঘোষণায় আগামী আসরগুলোতে এবিজি মিডিয়া কাপের পুরস্কারের পরিমাণ আরও বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম। প্রতিদিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে ব্যস্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এবার মাঠে নিজেদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করবেন।
টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্যই নয়, প্রতিটি ম্যাচেও থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
