EN ☀️
×

Follow Us

খেলা

ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান

ক্রীড়াঙ্গনের সংস্কৃতি-চিন্তাভাবনা বদলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ

এবিজি মিডিয়া কাপের ট্রফি ও জার্সি উন্মোচনে ক্রীড়া অবকাঠামোর প্রশংসা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ক্রীড়াঙ্গনের সংস্কৃতি-চিন্তাভাবনা বদলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ

এবিজি মিডিয়া কাপের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইকরামউজ্জমান। ছবি: রিয়াজ আহমেদ সুমন

অ অ

দেশের ক্রীড়াঙ্গনের রং, সংস্কৃতি ও চিন্তাভাবনা বসুন্ধরা গ্রুপ পাল্টে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাঁর মতে, অবকাঠামো নির্মাণের পাশাপাশি খেলাধুলার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ক্রীড়ানুরাগের প্রশংসা করে ইকরামউজ্জমান বলেন, ‘গ্রুপের ক্রীড়া উদ্যোগের পেছনে রয়েছে গভীর ক্রীড়াপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা। চেয়ারম্যানের দীর্ঘদিনের অনুরাগ থেকেই আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নের বাস্তব রূপ এবিজি স্পোর্টস সিটি।’

তিনি বলেন, ‘গ্রুপের পারিবারিক ঐতিহ্যেই খেলাধুলা প্রোথিত। নেতৃত্বদানকারীরা নিজেরাও একসময় খেলোয়াড় ছিলেন এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। সেই অনুরাগ থেকেই তাঁরা খেলাধুলার উন্নয়নে নিরবচ্ছিন্ন বিনিয়োগ করে যাচ্ছেন।’

স্পোর্টস সিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি হলো আধুনিকতম স্পোর্টস সিটি ও নিজস্ব এরিনা গড়ে তোলা। দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশে এত বড় বিনিয়োগে এমন সুসংগঠিত স্পোর্টস সিটি আগে তৈরি হয়নি।’

বসুন্ধরা কিংস দেশের ফুটবলে নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে ইকরামউজ্জমান বলেন, ‘ক্লাবটি ঘরোয়া ফুটবলে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং গত ৮০ বছরের ফুটবল ইতিহাসে নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরেছে।’ নারী ফুটবলের বিকাশেও বসুন্ধরা গ্রুপের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, এবিজি স্পোর্টস সিটি দেশের ফুটবলকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে।

এবিজি মিডিয়া কাপকে কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতা হিসেবে দেখতে চান না এই বিশ্লেষক। তিনি বলেন, ‘খেলাধুলার মূল উদ্দেশ্য আনন্দ ও অংশগ্রহণ। ফুটবল মানুষকে একত্র করে, পারস্পরিক সৌহার্দ্য তৈরি করে।’

টুর্নামেন্ট ঘিরে গণমাধ্যম অঙ্গনে উৎসবমুখর আমেজ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘দৈনন্দিন ব্যস্ততায় সাংবাদিকদের প্রস্তুতির সুযোগ সচরাচর না থাকলেও এ আয়োজন ঘিরে তাঁদের মধ্যে অসাধারণ উত্তেজনা ও উদ্দীপনা দেখা যাচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুধু প্রতিযোগিতা নয়, আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।’

গণমাধ্যমকর্মীদের কাছে টুর্নামেন্টটি ‘বিশ্বকাপ ফুটবল’ বলে মনে করেন ইকরামউজ্জমান। ১৯৯২ সালের একটি স্মৃতি তুলে ধরে তিনি জানান, ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বলেছিলেন, ফুটবলের সবচেয়ে সুন্দর দিক হলো এটি আনন্দের জন্য খেলা হয়। এই আনন্দের বার্তাই এবিজি মিডিয়া কাপের মূল চালিকাশক্তি। ইকরামউজ্জমান বলেন, ‘যখনই আপনি ভাববেন ফুটবল আনন্দের জন্য, তখনই এটি পুরোপুরি উপভোগ করতে পারবেন।’

বিশ্বকাপের আদলে আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৪৮টি গণমাধ্যম। অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে পুরস্কারও। আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণ ও আনন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর।

আরও পড়ুন