ঢাকায় পর্দা উঠছে ১৭তম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের
খেলা ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ’-এর স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী কুর্মিটোলা গলফ ক্লাবে আট দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ সিআইএসএম-এর সদস্যভুক্ত ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করা এ সংস্থার বর্তমান সদস্য দেশ ১৪২টি।
বাংলাদেশ ১৯৭৬ সালে ৪১তম সদস্য হিসেবে সিআইএসএম-এ যোগ দেয়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় ‘৩য় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ’ সফলভাবে আয়োজন করে প্রশংসা কুড়ায় বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেল দেশ।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও আতিথেয়তা তুলে ধরার সঙ্গে সঙ্গে দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকেও বিশ্ববাসীর সামনে উপস্থাপনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।