আর্জেন্টিনা ছাড়লেও বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হলো রামোসের
খেলা ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
কিকি রামোস। ছবি: সংগৃহীত
স্বপ্ন ছিল আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলার। সেই স্বপ্নপূরণের পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন কিকি রামোস। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়ে খেলেছিলেন প্রীতি ম্যাচও। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয় ১৭ বছর বয়সী এই ফুটবলারকে। জন্মভূমি হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব লুফে নিয়ে কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মাঠে নামেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে হাইতি। দলের একমাত্র গোলটি করেন রামোস। তবে তার এই গোলও হার এড়াতে পারেনি ক্যারিবীয় দেশটিকে। তিন ম্যাচের সব কটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে হাইতির।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বোলাভিপ’কে দেওয়া সাক্ষাৎকারে হাইতিকে বেছে নেওয়ার কারণ জানান রামোস। তিনি বলেন, ‘আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া খুব কঠিন মনে হচ্ছিল। ঠিক তখনই হাইতির হয়ে খেলার প্রস্তাব আসে। সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, কারণ আমার স্বপ্ন সব সময়ই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু এটি ছিল বিশ্বকাপ খেলার সুযোগ। আমার মনে হয়, এমন সুযোগ পেলে যে কেউ রাজি হতো। তাই হাইতির হয়ে খেলতে চলে এসেছি।’
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের। তবে শৈশবেই বদলে যায় তার জীবনের গতিপথ। আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেওয়ায় সেখানেই বেড়ে ওঠেন তিনি, ফুটবলের হাতেখড়িও আর্জেন্টিনায়। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ডের যুব একাডেমির অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন এই ফরোয়ার্ড। আক্রমণভাগে তার গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতা এরই মধ্যে কোচদের নজর কেড়েছে।
ক্লাব ফুটবলের পারফরম্যান্সের সুবাদে চলতি বছরের জুনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন ক্যাম্পে ডাক পান রামোস। জুলাইয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার পাশাপাশি বয়সভিত্তিক দলটির হয়ে গোলও করেন। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দল গঠনের সময় জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ায় হাইতি ফুটবল ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করেন তিনি। গত ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে হাইতি।
কাতার বিশ্বকাপে দলগতভাবে অবশ্য সাফল্য পায়নি হাইতি। গ্রুপ ‘ডি’-তে ফ্রান্সের কাছে ৩-১ এবং উরুগুয়ের কাছে ৪-১ গোলে হারের পর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও ২-১ ব্যবধানে হারে তারা। তিন ম্যাচে তিন গোল করার বিপরীতে ৯ গোল হজম করে পয়েন্টশূন্য অবস্থায় বিদায় নেয় দলটি।
দলের ব্যর্থতার ভিড়েও ব্যক্তিগত নৈপুণ্যে আলো কেড়েছেন রামোস। বিশেষ করে সৌদি আরবের বিপক্ষে সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে করা তার গোলটি ছিল দর্শনীয়। বিশ্বকাপ অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত রামোস বলেন, ‘ফুটবল শুরু করা প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। ফল যা-ই হোক, আমাকে এই সুযোগ দেওয়ায় আমি ভীষণ খুশি।’
হাইতির বয়সভিত্তিক দলে খেললেও ভবিষ্যতে আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি রামোসের। ফিফার জাতীয় দল পরিবর্তন সংক্রান্ত শর্ত পূরণ করতে পারলে পরবর্তী সময়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে তার সামনে। বিষয়টি নিয়ে রামোস বলেন, ‘আমি জানি, এখনো আর্জেন্টিনার সঙ্গে কথা বলার সুযোগ আছে। তবে আপাতত এসব নিয়ে ভাবছি না। মাঠে নামার সুযোগ পেলে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছি।’