EN ☀️
×

Follow Us

খেলা

বারবার একজনকেই ভোট দিয়েছেন মেসি, কে?

খেলা ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

বারবার একজনকেই ভোট দিয়েছেন মেসি, কে?

ব্যালন ডি’অর ট্রফি হাতে মেসি। ছবি: সংগৃহীত

অ অ

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি ভোট দেওয়ার সময় কাকে এগিয়ে রাখেন, তা নিয়ে সমর্থকদের কৌতূহল দীর্ঘদিনের। এবার সেই উত্তর সামনে এনেছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল। সাময়িকীটির প্রকাশিত হিসাবে দেখা যায়, ২০১১ থেকে ২০১৫ সালের ব্যালন ডি’অর এবং ২০২১ থেকে ২০২৬ সালের কোপা ট্রফি মিলিয়ে ১১ বার ভোট দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর পছন্দের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

ইনিয়েস্তাতেই বেশি আস্থা

জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরে ভোট দেন মেসি। পাঁচবারই সেরা তিনে রাখেন স্পেনের সাবেক মিডফিল্ডার ইনিয়েস্তাকে। এর মধ্যে ২০১২ ও ২০১৩ সালে তিনিই ছিলেন মেসির প্রথম পছন্দ। আরেক সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও একাধিকবার তাঁর ভোট পেয়েছেন।

তালিকায় চার আর্জেন্টাইন

মেসির ভোট পাওয়া চার স্বদেশি হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো ভোট পেয়েছেন দুবার। দি মারিয়া ও মাশ্চেরানো জায়গা পান ব্যালন ডি’অরের তালিকায়, আর গারনাচো কোপা ট্রফিতে।

ব্রাজিল বিশ্বকাপের বছর ২০১৪ সালের ভোটে দি মারিয়াকে প্রথম, ইনিয়েস্তাকে দ্বিতীয় ও মাশ্চেরানোকে তৃতীয় স্থানে রাখেন মেসি। নিয়ম অনুযায়ী, প্রথম পছন্দ পান পাঁচ পয়েন্ট, দ্বিতীয় তিন এবং তৃতীয় এক পয়েন্ট।

ইয়ামালের জয়ে মেসির ভোট

তরুণ ফুটবলারদের পুরস্কার কোপা ট্রফিতেও মেসির ভোট বড় ভূমিকা রেখেছে। এ বছর তিনি প্রথম পছন্দ হিসেবে বেছে নেন বার্সেলোনার লামিনে ইয়ামালকে, দ্বিতীয় স্থানে রাখেন পাউ কুবারসিকে। শেষ পর্যন্ত ৯৬-৯৪ পয়েন্টে কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইয়ামাল। অর্থাৎ বিজয়ী নির্ধারিত হয় মাত্র দুই পয়েন্টে।

২০ পয়েন্ট নিয়ে তৃতীয় হন ওয়ারেন জাইর-এমেরি। অন্যদিকে ইব্রাহিম মাজার একমাত্র পয়েন্টটি আসে মেসির ভোট থেকে।

ব্যালন ডি’অরে মেসির ভোট (ক্রম: প্রথম, দ্বিতীয়, তৃতীয়)

২০১১: জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও আগুয়েরো

২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সার্জিও আগুয়েরো

২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, নেইমার

২০১৪: আনহেল দি মারিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাশ্চেরানো

২০১৫: লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা

আরও পড়ুন