EN ☀️
×

Follow Us

খেলা

৬৮ বলে ১৮১ রান, ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড প্রিয়াংশের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

৬৮ বলে ১৮১ রান, ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড প্রিয়াংশের
অ অ

ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন দিল্লির অধিনায়ক প্রিয়াংশ আর্য। মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

এর মধ্য দিয়ে গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের লোকেশ রাহুলের অপরাজিত ১৫২ রানের ইনিংসকে ছাড়িয়ে গেছেন প্রিয়াংশ। ভারতীয় ব্যাটারদের মধ্যে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তিনি।

তবে বিশ্ব রেকর্ড গড়া হয়নি প্রিয়াংশের। গত মাসে দক্ষিণ আফ্রিকার সিএসএ প্রো টোয়েন্টি কাপে নাইটসের বিপক্ষে টাইটান্সের হয়ে লুয়ান দ্রে প্রিটোরিয়াস অপরাজিত ১৮৮ রান করেন। এর মধ্য দিয়ে ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক হন তিনি। প্রিটোরিয়াসের চেয়ে মাত্র ৮ রান পিছিয়ে থেকে ইনিংস শেষ করেন প্রিয়াংশ।

এদিন ব্যাট হাতে আরও একটি বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন দিল্লির এই ব্যাটার। ইনিংসে সাতটি চারের পাশাপাশি মেরেছেন ১৯টি ছক্কা। টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের পাশে বসেছেন তিনি।

এর আগে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ১৯টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন অ্যালেন।

তামিলনাড়ুর বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিয়াংশ। মাত্র ১৮ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর ইনিংসের দশম ওভারে ৩৬ বলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। ৬০ বলে দেড়শ রান পূর্ণ করার পর ১৯তম ওভারে মানিমারান সিদ্ধার্থের বলে থামে তাঁর বিধ্বংসী ইনিংস।

আরও পড়ুন