EN ☀️
×

Follow Us

খেলা

স্পেনের কার্লোস দিয়েজকে চায় আর্জেন্টিনা

খেলা ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

স্পেনের কার্লোস দিয়েজকে চায় আর্জেন্টিনা

রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার কার্লোস দিয়েজ। ছবি: সংগৃহীত

অ অ

রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী মিডফিল্ডার কার্লোস দিয়েজকে নিজেদের দলে টানতে চাইছে আর্জেন্টিনা। স্পেনে জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলার স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন। তাঁর মা আর্জেন্টাইন হওয়ায় দুই দেশের হয়েই খেলার সুযোগ আছে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে এ সুযোগ কাজে লাগাতে চান।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের খেলোয়াড় দিয়েজকে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাঁকে দলে নিতে চেয়েছিলেন প্লাসেন্তে। কিন্তু ক্লাবের অনুরোধে তিনি আর্জেন্টিনা শিবিরে যোগ দেননি।

এর পেছনে জাতীয় দল বেছে নেওয়ার সিদ্ধান্ত ছিল না। ম্যাচগুলো ছিল প্রীতি ম্যাচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ তখন লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে ব্যস্ত। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় তাঁকে ছাড়তে চায়নি ক্লাব।

আর্জেন্টিনার আগ্রহ এখানেই শেষ নয়। আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তাঁকে দলে নেওয়ার পরিকল্পনা আছে প্লাসেন্তের।

রিয়ালের যুব দলে আলো ছড়িয়েছেন দিয়েজ। গত মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে করেছেন ২১ গোল। ২০২৬ সালে অধিনায়ক হিসেবে যুব দলের হয়ে লিগ শিরোপা, কোপা দে কাম্পেওনেস, উয়েফা ইয়ুথ লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি। তাঁর প্রিয় জার্সি নম্বর ১০ এবং আদর্শ লুকা মদরিচ।

আর্জেন্টিনার তৎপরতা চিন্তায় ফেলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। দিয়েজ স্পেনের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন, গত জানুয়ারিতে তাঁকে ডেকেছিলেন কোচ দাভিদ কুবিইয়ো। এরপর আর বয়সভিত্তিক কোনো দলে ডাক পাননি। তবে স্পেন অনূর্ধ্ব-২০ দলের কোচ পাকো গাইয়ার্দোর সম্ভাব্য তালিকায় আছেন তিনি। ২০২৭ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আজারবাইজান ও উজবেকিস্তানে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুই দলই খেলবে, তাই তার আগেই তাঁর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইউরোপে বেড়ে ওঠা আর্জেন্টাইন বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করা এএফএর জন্য নতুন নয়। তাদের বিশেষ স্কাউটিং বিভাগ এমন তরুণদের পর্যবেক্ষণ করে, যাঁদের আর্জেন্টিনায় ‘ইউরোপিবেস’ বলা হয়। কৌশল হলো যোগ্যতা যাচাই করে জাতীয় দলের পরিকল্পনা তুলে ধরা, চাপ দিয়ে নয়।

সবচেয়ে বড় উদাহরণ নিকো পাজ। স্পেনের তেনেরিফেতে জন্ম এই ফুটবলারও রিয়ালের একাডেমিতে বেড়ে উঠে আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন। লিওনেল মেসির অবসরের পর অনেকে তাঁকে ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি মনে করেন। এ ছাড়া স্পেনের লেইদায় জন্ম নেওয়া ব্রুনো গালাসির দিকেও নজর আছে আর্জেন্টিনার। গত গ্রীষ্মে লাৎসিওতে যোগ দেওয়া এই ফুটবলার আর্জেন্টিনার প্রস্তাবে সাড়া দিয়েছেন।

আরও পড়ুন