লিয়ান্দ্রো পারেদেস
কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের আনন্দের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। ট্রফি জয়ের পর টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান ২০২২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কলম্বিয়ার বারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ক্লাবটির হয়ে এটি পারেদেসের প্রথম আন্তর্জাতিক শিরোপা। তবে শিরোপা জয়ের পর ডিএসপোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে টানেলে পড়ে যান তিনি।
ঘটনার পরপরই তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। কয়েক সেকেন্ড পর জ্ঞান ফিরে পেলে নিজেই উঠে দাঁড়ান এবং হেঁটে দলের ড্রেসিংরুমে যান। পরে শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়।
পারেদেসের অসুস্থতার কারণে আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্সের যাত্রাও বিলম্বিত হয়। সতীর্থের পাশে থাকতে দলের সবাই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান পারেদেস। স্ট্রেচারে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি। ভামোস বোকা! আজ এবং সব সময়।’ তাঁর এই বার্তায় সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
ফাইনাল চলাকালেও বারানকিয়ার তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে হচ্ছিল পারেদেসকে। আবহাওয়ার কারণে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান তিনি। পরে তাঁর জায়গায় মাঠে নামেন তোমাস বেলমন্তে।
মাঠ ছাড়ার পর বদলি বেঞ্চে বসেই সতীর্থদের কাছ থেকে চিকিৎসা নেন পারেদেস। তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সতীর্থ আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তালিয়া নিজেদের জার্সি দিয়ে তাঁকে বাতাস করতে থাকেন। একই সঙ্গে তাঁর ঘাড়ের পেছনে বরফের প্যাক দেওয়া হয়। প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে রক্তচাপ কমে যাওয়ায় তাঁর শারীরিক অস্বস্তি বেড়েছিল বলে জানা গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় পারেদেস নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কোচ বলেন, ‘আমি তাকে ড্রেসিংরুমে যেতে দেখেছি। প্রথমার্ধের শেষ দিকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা উন্নতি হলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর থেকেই বোঝা যাচ্ছিল, সে বল দুই প্রান্তে পাঠাতে সমস্যায় পড়ছে। সে খুবই সৎ এবং নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছে। একটু আগেই জানতে পেরেছি, তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছিল।’
২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য পারেদেস। বোকা জুনিয়র্সের শিরোপা জয়ের আনন্দের দিনে তাঁর অসুস্থতা সমর্থকদের উদ্বিগ্ন করলেও হাসপাতাল থেকে দেওয়া আশ্বাসমূলক বার্তায় আপাতত স্বস্তি ফিরেছে।