EN ☀️
×

Follow Us

খেলা

টেনিস কোর্ট থেকে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম

টেনিস কোর্ট থেকে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

ছবি: সংগৃহীত

অ অ

টেনিস কোর্টের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এবার ফুটবল ক্লাবের প্রশাসনিক দায়িত্বে যুক্ত হলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

শনিবার (২১ নভেম্বর) ক্লাবের সাধারণ সভায় তাঁর নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য হিসেবে রয়েছেন। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার পর নাদাল বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন আমাকে সম্মানসূচক সদস্য করেছিলেন, সেটি ছিল অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। আর আজকের দিনটি সেই যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার মতো।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য এটি বিশাল দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে—বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ক্লাব মানুষকে একসূত্রে গাঁথে। এখন এমন একটি সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’

নাদালের অন্তর্ভুক্তিতে ক্লাবের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি পেরেজ।

তিনি বলেন, ‘তাঁর এই যুক্ত হওয়া কেবল একজন অসাধারণ ব্যক্তিত্বকে দলে নেওয়ার বিষয় নয়; এর অর্থ হলো, অন্যতম সেরা এক কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের জন্য আমরা যে রিয়াল মাদ্রিদ গড়ে তুলতে চাই, সেটি বাস্তবায়নে তাঁর উপস্থিতি বড় ভূমিকা রাখবে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেনের একক শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী নাদাল। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। তবে সেই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি।

চলতি বছর ক্লাবের সভাপতি নির্বাচনের আগে প্রার্থী হওয়ার গুঞ্জন থেকেও নিজেকে দূরে রেখেছিলেন নাদাল।

গত জুনে এনরিকে রিকুয়েলমেকে হারিয়ে আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ।

আরও পড়ুন