গোলের পর উড়ন্ত চুমু ছুড়ছেন ব্রাজিলের এনদ্রিক।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে গোল করার পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়েছিলেন এনদ্রিক। তখন থেকেই ভক্তদের মনে কৌতূহল ছিল—বিশেষ এই গোলটি কাকে উৎসর্গ করলেন ব্রাজিলিয়ান তারকা? ম্যাচ শেষে মিলল সেই মধুর উত্তর। প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার; স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোল আলো করে এসেছে ছেলেসন্তান ‘কেনদ্রিক’। নতুন অতিথির আগমনের আনন্দেই গোলটি তিনি উৎসর্গ করেছেন প্রিয় স্ত্রী ও পুত্রকে।
বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারায় ব্রাজিল। ৩১ মিনিটে বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। এরপরই দুই হাতে ভালোবাসার চিহ্ন এঁকে উড়িয়ে দেন চুমু।
ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে বাবা হওয়ার খবর জানান এনদ্রিক। তিনি বলেন, ‘আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। আমাদের ঘরে এক ফুটফুটে ছেলেসন্তান এসেছে, আমার স্ত্রীও খুব খুশি। গোলটি ওর জন্যই ছিল, আমার স্ত্রীর জন্যও।’
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান এই তরুণ ফরোয়ার্ড। বলেন, ‘আমি আমার দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, যা এই পৃথিবীর সবচেয়ে দারুণ বিষয়গুলোর একটি। আর জাতীয় দলের হয়ে খেলতে যাঁরা আমাকে সবার আগে বলেছিলেন, ও (মিরান্ডা) তাঁদের একজন। এখন ও সেখানে থেকেই আমাদের ছেলের দেখাশোনা করছে।’
ছেলের নাম নিয়েও আগ্রহ আছে। গত জুলাইয়ে মিরান্ডার বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেন এনদ্রিক ও মিরান্ডা। দুজন মিলে আগেই নামটি ঠিক করে রেখেছিলেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানায়, নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও যোগসূত্র আছে। নামটি আসলে এনদ্রিকের জন্যই পছন্দ করেছিলেন তাঁর বাবা-মা। বাবা হওয়ার আগে এনদ্রিক বলেছিলেন, ‘এটা আমার নাম হওয়ার কথা ছিল।’ নামটির মধ্যে তিনি বিশেষ তাৎপর্য ও ধর্মীয় অর্থ খুঁজে পান বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নামটি প্রকাশের পর কেউ কেউ মার্কিন র্যাপার কেনদ্রিক লামারের সঙ্গে এর যোগসূত্র খুঁজেছিলেন। তবে এনদ্রিক ও মিরান্ডা এমন কোনো সম্পর্কের কথা কখনো নিশ্চিত করেননি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে চান এনদ্রিক। তাই ছেলের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি। এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিবারকে মূল্যায়ন করতে হবে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। আমি এমন এক মানুষ, যে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে পছন্দ করি। দুর্ভাগ্যজনকভাবে সংবাদমাধ্যম বা ইন্টারনেট কেমন, তা আমরা জানি। আমি ব্যক্তিগত জীবনকে এক পাশে সরিয়ে রাখতে পছন্দ করি। ভবিষ্যতে সে (কেনদ্রিক) আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।’
ছেলের ভবিষ্যৎ নিয়ে এমন ভাবনা থাকলেও এনদ্রিকের নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামেনি। শোনা যাচ্ছে, আগামী শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন তিনি। ক্লাবটিতে প্রত্যাশামতো খেলার সুযোগ না পাওয়াই এর কারণ বলে ধারণা।
সিঙ্গাপুরে ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের জবাবে এনদ্রিক বলেন, ‘সিদ্ধান্তটি (রিয়াল কোচ) মরিনিওর (খেলার বিষয়ে)। রিয়ালকে সাহায্য করতে আমি সব সময়ই প্রস্তুত।’