EN ☀️
×

Follow Us

খেলা

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই ২০ ওভারে ২০৮ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল মোকাবিলা করে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল ৪টি চার। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৭৭ রান। এ ছাড়া অতিরিক্ত থেকে যোগ হয় আরও ৩১ রান।

বাংলাদেশের ব্যাটারদের সামনে শ্রীলঙ্কার কোনো বোলারই উইকেটের দেখা পাননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান দেন। বিজয়ান্থা ৩ ওভারে খরচ করেন ৩১ রান। ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারেনি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে তাদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলাররাও ছিলেন নিয়ন্ত্রিত। ফলে বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন