অভিষেকেই প্রথম বলে আউট, বিব্রতকর রেকর্ডে রবিন
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে টেস্ট অভিষেকটা হলো দুঃস্বপ্নের মতো। রানের খাতা খোলার আগেই প্রথম বলে আউট হয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন এই ওপেনার।
ইনিংসের শুরুতেই স্ট্রাইকে ছিলেন রবিন। অভিষেকের চাপ কিংবা অনভিজ্ঞতা—কী কারণে এমন শট খেলেছেন, তা বলা কঠিন। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলটি ব্যাট এগিয়ে ঠেকাতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সেখানে সহজেই ক্যাচটি লুফে নেন মার্কো ইয়ানসেন। প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় রবিনকে।
এতে টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ওপেনার হয়ে গেলেন তিনি। বাংলাদেশের কোনো ওপেনার এর আগে এমন বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েননি। ফলে এই তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠল রবিনের।
মজার বিষয়, এই বিরল ঘটনার প্রথম নজিরও দক্ষিণ আফ্রিকার মাটিতেই। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জিমি কুক।
দ্বিতীয় নজিরটি ২০০১ সালের। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লিওন গ্যারিকও ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন।
তৃতীয়বার এমন ঘটনা ঘটে ২০২১ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হয়েছিলেন আফগানিস্তানের ওপেনার আবদুল মালিক। এবার সেই বিব্রতকর তালিকায় যুক্ত হলো মাহফিজুল ইসলাম রবিনের নাম।