ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে উঠল ভারত। ছবি: শামসুল হক
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আজ দিনের প্রথম ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দলটি। ১৮ বছর আগে ২০০৮ সালে মালেতে সেমিফাইনালে দুই দলের দেখা হয়েছিল। সেবারও ভারত একই ব্যবধানে জিতেছিল। আরেকবার সেমিফাইনাল থেকেই বিদায় নিল ভুটান।
নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। প্রথম ৪৫ মিনিটে ভুটান গোলমুখে মাত্র একটি শট নিতে পারে। ভারত চারটি শটের তিনটিই রাখে লক্ষ্যে।
বিরতির পর ম্যাচে ফেরে ভুটান। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। রেফারি মুনির আলকাতিরি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও ভুটানের খেলোয়াড়দের আপত্তির মুখে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেন।
সাফের ইতিহাসে এবারই প্রথম ভিএআর ব্যবহার হচ্ছে। দুই সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তির সহায়তা থাকছে। ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি, তবে ভিএআর পর্যালোচনায় তা বাতিল হয়। শেষ আধা ঘণ্টায় ভুটান কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও শিরোপার পথে এগিয়ে চলেছে ভারত। সাফে এবারসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন ও ৪ বার রানার্সআপ। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও শিরোপা জিতেছিল দলটি।