EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি স্পোর্টস সিটিতে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ’ শুরু ১৫ নভেম্বর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

এবিজি স্পোর্টস সিটিতে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ’ শুরু ১৫ নভেম্বর

ফাইল ছবি

অ অ

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচ দেশের দল।

স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

লিগ পর্বের খেলা শেষে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১৫ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা।

টুর্নামেন্ট সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত আয়োজকরা। আন্তর্জাতিক এ আসর আয়োজনের মূল দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। সংস্থাটি বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অনুমোদিত অংশ।

আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। অফিশিয়াল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে টি স্পোর্টস। চ্যানেলটি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

ঘরের মাঠে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলও। শিরোপা জয়ের লক্ষ্যে চলছে তাদের নিবিড় অনুশীলন। অন্যদিকে শক্তিশালী দল নিয়ে শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও।

আয়োজকদের লক্ষ্য, এ টুর্নামেন্টের মাধ্যমে শুধু ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, খেলাধুলার সর্বজনীন শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি, বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুন