বাংলাদেশের লিড পেরিয়ে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া দ্বিশতকে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টের চতুর্থ দিন দুই উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে সফরকারীরা। এতে বাংলাদেশের লিড টপকে বড় ব্যবধান গড়ার পথে এগোচ্ছে তারা।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জশুয়া দা সিলভা। তাদের উদ্বোধনী জুটি ভাঙতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশের বোলারদের।
অবশেষে ২২তম ওভারে জশুয়া দা সিলভাকে ফিরিয়ে ৭৮ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৩৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন সিলভা। এরপর অর্ধশতক তুলে নেওয়া ব্র্যান্ডন কিংও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬১ রান করে আউট হন তিনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫৯ রান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পেরিয়ে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১২৯ রান।
