EN ☀️
×

Follow Us

খেলা

বিশ্বকাপের বিতর্কের পর মিসরের কোচ হোসাম হাসান বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

বিশ্বকাপের বিতর্কের পর মিসরের কোচ হোসাম হাসান বরখাস্ত
অ অ

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ ঘিরে বিতর্কে জড়ানোর পর এবার মিসরের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত হলেন হোসাম হাসান। দলের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, হোসাম হাসান দলের ইতিবাচক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছেন। একই সঙ্গে দলের স্থিতিশীলতা বজায় রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে তাকে বরখাস্তের বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।

সম্প্রতি আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে আলোচনায় আসেন হোসাম। একই ম্যাচে মিসরের তারকা ফুটবলার মোস্তফা জিকোও রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন। এর জেরে সম্প্রতি ফিফা হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করে।

এদিকে, সম্প্রতি মিসরের কিংবদন্তি ফুটবলার মোহামেদ সালাহর সঙ্গে হোসামের মতবিরোধের খবরও সামনে আসে। এ কারণে লিভারপুলের সাবেক এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যক্তিগত জীবনের নানা বিতর্কও হোসামকে বরখাস্তের সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।

গত সপ্তাহে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন হোসাম হাসানকে সব ধরনের গণমাধ্যমে উপস্থিত হওয়া থেকে নিষিদ্ধ করে। জাতীয় দলের কোনো কোচের বিরুদ্ধে এমন সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

হোসামের ব্যক্তিগত জীবনের বিতর্ক প্রকাশ্যে আসার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। এর আগে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি। মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোসাম ও তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম উত্তর উপকূলের একটি হোটেলে অবস্থান করছিলেন। এ সময় তার সাবেক স্ত্রী হুবাইদা ও সন্তানরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় হোসাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২০২৪ সালে মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পান হোসাম হাসান। দেশটির সাবেক এই তারকা ফুটবলার খেলোয়াড়ি জীবন শেষে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় মিসর। তবে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় দলটির।

এদিকে, হোসামকে সরিয়ে তার জায়গায় তাৎক্ষণিকভাবে আলী মাহেরকে নিয়োগ দিয়েছে মিসর। তিনি মিসরীয় প্রিমিয়ার লিগের অভিজ্ঞ কোচ। বর্তমানে চতুর্থ স্থানে থাকা ক্লাব সেরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে রয়েছেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে হবে আলী মাহেরকে। কারণ, ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের মুখোমুখি হবে মিসর। বর্তমানে গ্রুপ বি-তে শীর্ষে রয়েছে দলটি।

আরও পড়ুন