ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের, তবু অসন্তুষ্ট সমর্থকরা
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম
ছবি: সংগৃহীত
ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু করেছে বাংলাদেশ। তবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় স্বাগতিক সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। খেলা শেষে ফুটবলারদের ঘিরে উচ্ছ্বাস দেখালেও টিম বাস ছাড়ার সময় ‘বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট চলবে না’ স্লোগান দেন সমর্থকদের একাংশ।
ফিফা র্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা ভুটানের বিপক্ষেও জয়ের জন্য কঠিন লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত দলের হয়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় মো. ইব্রাহিম। ৬৪ মিনিটে মাঠে নামার পাঁচ মিনিট পরই গোল করেন তিনি। জায়ান আহমেদের ক্রসে সামিত সোমের হেড ঘুরে আসা বল ভলিতে জালে পাঠান ইব্রাহিম।
ম্যাচের আগে জয় নিয়ে আশাবাদী থাকলেও ১-০ গোলের ফলে সন্তুষ্ট নন অনেক সমর্থক। টিকিটের বাড়তি দাম ও অব্যবস্থাপনা নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রথমার্ধে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ ফাঁকা থাকলেও দ্বিতীয়ার্ধে দর্শক উপস্থিতি বাড়ে।
আজিমপুর থেকে খেলা দেখতে আসা ব্যবসায়ী শরিফুল আলম বলেন, প্রথম ৩০ মিনিটেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তা না হলেও জয় পাওয়ায় তিনি খুশি। পরের ম্যাচে দল আরও ভালো খেলবে বলে আশা তাঁর।
পরিচিত সমর্থক খোরশেদ মাতবর আলমগীর বলেন, বাংলাদেশের খেলা যেখানেই হোক, বাড়তি উন্মাদনা কাজ করে। এক গোলে জেতায় কিছুটা অতৃপ্তি থাকলেও দিন শেষে জয়টাই গুরুত্বপূর্ণ।
তবে সমর্থক সুমন ইসলাম ও আব্দুল্লাহ আল আমিনের মতে, ভুটানের বিপক্ষে এত সুযোগ পেয়েও আরও কয়েকটি গোল করা উচিত ছিল। তাঁদের আশঙ্কা, শ্রীলঙ্কা ও ভারতের মতো দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ। এ ছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ফরোয়ার্ড হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন অনেকে।
সমালোচনা থাকলেও খেলা শেষে ফুটবলারদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার জন্য স্টেডিয়ামের ফটকে অপেক্ষা করেন সমর্থকরা। ইব্রাহিম, বিশ্বনাথ ও ফাহমিদুল ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। কোচ থমাস ডুলিও সমর্থকদের অটোগ্রাফ ও সেলফি দিয়ে সাড়া দেন।
