EN ☀️
×

Follow Us

খেলা

ক্যারিয়ারের সেরা সতীর্থ হিসেবে যাঁকে বেছে নিলেন তেভেজ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম

ক্যারিয়ারের সেরা সতীর্থ হিসেবে যাঁকে বেছে নিলেন তেভেজ

ছবি: সংগৃহীত

অ অ

মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও দিমিতার বারবাতভের মতো তারকাদের সঙ্গে খেলেছেন কার্লোস তেভেজ। তবে ক্যারিয়ারের সেরা সতীর্থের প্রশ্নে আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার বেছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার পল স্কোলসকে।

পরিশ্রম, দৃঢ় মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত তেভেজকে একসময় নিজের সেরা স্ট্রাইকিং পার্টনার হিসেবে উল্লেখ করেছিলেন ওয়েইন রুনি। তাদের সময়েই ম্যানচেস্টার ইউনাইটেড টানা দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০০৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি ট্রফি জিতেছিল।

পরে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ায় ইউনাইটেড সমর্থকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তেভেজ। তবে ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময় এবং সেখানকার সতীর্থদের স্মৃতি এখনো তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

রিও ফার্দিনান্দ প্রেজেন্টস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে স্কোলসের সঙ্গে খেলার প্রসঙ্গ তোলেন তেভেজ।

সাক্ষাৎকারে ফার্দিনান্দ তাকে রোনালদো, রুনি ও বারবাতভের সঙ্গে আক্রমণভাগে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করেন, পল স্কোলস নাকি ডেভিড সিলভা—কাকে বেছে নেবেন তিনি?


জবাবে এক মুহূর্তও দেরি না করে স্কোলসের নাম বলেন তেভেজ। এরপর ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডারের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মতে, তিনিই সেরা খেলোয়াড়। আমার দেখা সেরা। তোমার কি অনুশীলনের কথা মনে আছে? কোনো কথা নেই, কোনো বাড়তি কিছু নেই—প্রথম বলেই পাস। অনুশীলনে সব সময় শুধু পাস আর পাস। আমার দেখা সেরাদের একজন। আন্দ্রেয়া পিরলো ও পল স্কোলস।’

তেভেজের এই মন্তব্যে স্পষ্ট, তারকাখচিত ম্যানচেস্টার ইউনাইটেড দলে রোনালদো ও রুনির মতো খেলোয়াড়দের সঙ্গে খেললেও স্কোলসের ফুটবলীয় দক্ষতা তার মনে আলাদা জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন