EN ☀️
×

Follow Us

খেলা

আশরাফুলকে সরিয়ে জাতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্বে সালাহউদ্দীন

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পিএম

আশরাফুলকে সরিয়ে জাতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্বে সালাহউদ্দীন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে এ দায়িত্ব থেকে সরিয়ে আপাতত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের অন্য কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। সিরিজে দুই ম্যাচের একটিতেও ২০০ রানের ঘর পেরোতে পারেনি দলটি।

ব্যাটিংয়ে দলের এমন ব্যর্থতার কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।

জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় আশরাফুলের অবদান ও প্রচেষ্টার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বোর্ড। আপাতত সালাহউদ্দীনের অধীনেই জাতীয় দলের ব্যাটিং বিভাগ পরিচালিত হবে।

আরও পড়ুন