উইন্ডিজ-বিসিবি একাদশ
কালামের সেঞ্চুরি, হোসাইনের চার উইকেট, ড্রয়ে শেষ প্রস্তুতি ম্যাচ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন কালাম সিদ্দিকী। বল হাতে চার উইকেট নিয়ে নজর কেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার মো. হোসাইন। তবে দুই দলের লড়াই শেষ পর্যন্ত ড্র হয়েছে।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে জাকের আলীর নেতৃত্বাধীন বিসিবি একাদশ। জবাবে দ্বিতীয় ও শেষ দিন ৬ উইকেটে ৩৩৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দিন কালাম সিদ্দিকীর ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ পায় বিসিবি একাদশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মাহফিজুল ইসলামকে ৪ রানে হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে জিসান আলমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করেন জিসান।
জিসান ফিরলে ইফতেখার হোসেন ইফতি ৬২ বলে করেন ১৮ রান। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন কালাম। জাকের ৪৮ বলে ৩০ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন কালাম। ১৮৪ বলের ইনিংসে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন তিনি। উইকহামের বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস।
ছয়ে নামা রিজওয়ান ১০৬ বলে ৫৯ রান করেন। শেষ দিকে দ্রুত রান তুলে ৩০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন বিশপ ও হজ দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় দিন বিসিবি একাদশ ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ৩৫ বলে ৪০ রান করে ফেরেন ব্র্যান্ডন কিং। এরপর ১৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ৯০ বলে ৩০ রান করে আউট হন ত্যাগনারায়ণ চন্দরপল।
এরপর কেভিন উইকহাম ও আমির জাঙ্গু মিলে ৪১ রানের জুটি গড়েন। ফিফটি তুলে নেন উইকহাম। বল হাতে বিসিবি একাদশের হয়ে কার্যকর ভূমিকা রাখেন মো. হোসাইন, শিকার করেন চার উইকেট।
শেষ দিকে কেভিন উইকহাম ও অধিনায়ক রোস্টন চেজের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যায়। উইকহাম ৬৭ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে চেজ ৬৫ বলে অপরাজিত ৪৬ রান করেন। তাঁদের দৃঢ়তায় ৬ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা।
ফলে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়।