EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি ইউনিভার্সিটি কাপের ক্যাপ্টেনস মিটে জার্সি ও ট্রফি উন্মোচন

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

এবিজি ইউনিভার্সিটি কাপের ক্যাপ্টেনস মিটে জার্সি ও ট্রফি উন্মোচন

ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত হলো জমকালো ‘ক্যাপ্টেনস মিট’। বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ আয়োজন করা হয়।

ক্যাপ্টেনস মিটে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও সূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আনুষ্ঠানিক লটারির মাধ্যমে সূচি নির্ধারণ, প্রতিযোগিতার জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

জানা যায়, ক্রিকেট ও ফুটবলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। দুই খেলাতেই চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য থাকছে ৫ লাখ টাকা।

এতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, প্রতিনিধি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে আয়োজন।

এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট উপভোগের সুযোগ পাচ্ছেন ইউনিভার্সিটির ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ক্রিকেট ও ফুটবলে আলাদা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকের এই সন্ধ্যা কেবল একটি আয়োজন নয়, এটি তারুণ্যের সঙ্গে তারুণ্যের, স্বপ্নের সঙ্গে সম্ভাবনার এবং পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর মিলনমেলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করাই আয়োজকদের লক্ষ্য, যেখান থেকে উঠে আসা নতুন প্রতিভা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।’

ক্যাপ্টেনস মিটে আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশনস ম্যানেজার সালমান হাসান এবং ক্রিকেট অপারেশনস ম্যানেজার ইকরাম হোসেন রাফি।

আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়বে। একই সঙ্গে এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এই আসরকে ঘিরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ক্রিকেট ও ফুটবলে বড় অঙ্কের প্রাইজমানির পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগও পাবেন তারা।

আরও পড়ুন