EN ☀️
×

Follow Us

খেলা

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে নকআউট পর্বে জায়গা করে নিতে প্রায়ই কঠিন সমীকরণের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এবার আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতেও সেই সমীকরণ মেলাতে হবে নাজমুল হোসেন শান্তদের। তবে ফাইনালের আশা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের।

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজ (১৯ অক্টোবর) জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচ। এই ম্যাচে জিম্বাবুয়ের জয়ই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির ফল। এরপর নিজেদের ম্যাচে জিততে পারলে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে হৃদয়-শান্ত-তাসকিনদের সামনে।

শেখ জায়েদ স্টেডিয়ামে গত শনিবার (১৭ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে শুরুটা মোটেও ভালো হয়নি শান্তদের। তবে ওই হারের পরও ফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে।

আজ আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে তারা। সে ক্ষেত্রে আগামী বুধবার (২১ অক্টোবর) শারজায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি কার্যত অঘোষিত সেমিফাইনালে পরিণত হবে। ওই ম্যাচে জয়ী দলই জিম্বাবুয়ের সঙ্গে ফাইনালে খেলবে।

অন্যদিকে, আজকের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে আফগানিস্তান জিতলে বাংলাদেশের সামনে সমীকরণ আরও কঠিন হয়ে উঠবে। তখন শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও।

বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -১.৯৮০। পয়েন্ট সমান হয়ে গেলে ফাইনালে ওঠার দৌড়ে নেট রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি বড় ব্যবধানে জেতার দিকেও মনোযোগ দিতে হতে পারে বাংলাদেশকে।

সব মিলিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের প্রথম চাওয়া জিম্বাবুয়ের জয়। এরপর নিজেদের শেষ ম্যাচে জিতে মাঠের লড়াইয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে শান্তদের।

আরও পড়ুন