EN ☀️
×

Follow Us

খেলা

ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, কী আলোচনা হলো

খেলা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকা বিমানবন্দরে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি। ছবি: বাফুফে

অ অ

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় দুই ঘণ্টার যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সুযোগে রবিবার বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বৈঠক শেষে তাবিথ জানান, খুব ভালো আলোচনা হয়েছে। ইনফান্তিনো বাংলাদেশের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়ে গেছেন।

তাবিথের ভাষ্য, ভবিষ্যতে ফিফার সঙ্গে কীভাবে আরও বেশি কাজ করা যায়, সেটিই ছিল প্রধান আলোচ্য বিষয়। ফিফা সভাপতি জানতে চেয়েছেন, আসিয়ান কাপে বাংলাদেশের অভিজ্ঞতা কেমন ছিল এবং এ ধরনের আরও টুর্নামেন্ট হলে বাংলাদেশ অংশ নেবে কি না। ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার সুযোগ বাড়ানো এবং ফিফা উইন্ডো আরও উন্মুক্ত করার বিষয়েও কথা হয়েছে।

ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় এখনো ব্যয় না হওয়া অর্থ নিয়েও আলোচনা হয়েছে। তাবিথ জানান, প্রকল্পগুলো প্রস্তুতির প্রক্রিয়ায় আছে। কাজে গতি এলে ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এসে সেগুলো উদ্বোধন করতে চান। টেকনিক্যাল সেন্টার, সিলেটে হাইব্রিড পিচ কিংবা দুটি স্টেডিয়ামের মেরামত ও ফ্লাডলাইটের কাজ শুরু হলে তাঁর সফরের কারণ তৈরি হবে বলে মনে করেন বাফুফে সভাপতি।

স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনা এবং ক্লাস ফোর থেকে স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও ইনফান্তিনোকে জানানো হয়েছে। তাবিথের দাবি, এসব অগ্রগতিতে ফিফা সভাপতি উচ্ছ্বসিত।

আরও পড়ুন