লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী। ছবি: ইনস্টাগ্রাম
ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার। গতকাল রাতে ফ্র্যাটন পার্কের ম্যাচে ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার। ১০ জনের দল নিয়ে খেলে শেফিল্ড ৩–২ গোলে হেরেছে। ওয়াইল্ডারের অভিযোগ, রেফারি অলিভার ল্যাংফোর্ড আগে হামজাকে আশ্বস্ত করেছিলেন, পরে সিদ্ধান্ত বদলেছেন।
পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা–ম্যাককুইনকে ৯ মিনিটের মধ্যে দুবার ফাউল করায় হামজা দুটি হলুদ কার্ড দেখেন। দ্বিতীয় ঘটনায় রায়ান তাঁকে নাটমেগ করার চেষ্টা করেন। তখন ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান। ওয়াইল্ডারের দাবি, ওই সময় রেফারি হামজাকে বলেছিলেন যে লাল কার্ড দেখাবেন না। কিন্তু এরপরই তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
৫৪ মিনিটে ২–০ গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড। পরে তারা সমতায় ফেরে। কিন্তু ৮৯ মিনিটের গোলে জয় তুলে নেয় পোর্টসমাউথ।
ম্যাচ শেষে ওয়াইল্ডার বলেন, হামজা মাঠে কোথায় যাবে, সে তো আর রেন্টাগোস্ট নাটকের অদৃশ্য চরিত্র মিস্টার ক্লেপলের মতো হুট করে মিলিয়ে যেতে পারে না। তাঁর অভিযোগ, স্যাম ম্যাককালামকেও তিন-চারবার বাধা দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বক্সে এক খেলোয়াড়কে এমনভাবে টেনে ধরা হয়, যাতে জার্সি প্রায় খুলে যাচ্ছিল। ওয়াইল্ডারের ভাষ্য, তাঁদের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে।
পয়েন্ট টেবিলে অবস্থান
চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে শেফিল্ড। সমান ম্যাচে শীর্ষ দল সোয়ানসি সিটির চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে। এ মৌসুমে শেফিল্ডের হয়ে ৩ ম্যাচ খেলেছেন হামজা। এখনো গোল পাননি।