ধামরাইয়ে মিনি স্টেডিয়াম, সারা দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের পরিকল্পনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সারা দেশে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কালামপুর যুবক সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের প্রতিভা তুলে আনতে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি দেশের সব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পরিচালনার কথা জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ সভাপতিত্ব করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।