EN ☀️
×

Follow Us

খেলা

মেসি ছাড়াই আর্জেন্টিনার গোলবন্যা, বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

মেসি ছাড়াই আর্জেন্টিনার গোলবন্যা, বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

অ অ

লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা দারুণভাবেই করল আর্জেন্টিনা। ‘নতুন যুগ’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই ম্যাচেই বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল।

মারিও কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল আর্জেন্টিনার। মেসি ও নিকোলাস ওতামেন্দির অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পান ক্রিস্তিয়ান রোমেরো।

ম্যাচের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো পাস থেকে ডি-বক্সের সামনে জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। কিছুক্ষণ পর পালাসিওসের বানিয়ে দেওয়া বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজের একটি সহজ সুযোগ কাজে না লাগায় ২-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। নিকো পাজের নেওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রোমেরো। এরপর বদলি হিসেবে মাঠে নেমে দারুণ স্লাইডিং ফিনিশে আর্জেন্টিনার চতুর্থ গোলটি করেন ফাকুন্দো বুয়োনানত্তে।


ম্যাচের শেষদিকে মাথায় আঘাত পেয়ে ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়েন লাউতারো মার্তিনেজ। তবে প্রাথমিকভাবে তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগের সমন্বয়, লাউতারো-আলভারেজের উপস্থিতি এবং নিকো পাজের পারফরম্যান্স নতুন প্রজন্মকে ঘিরে দলের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ তৈরি করেছে।

আগামী বুধবার রাতে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে শনিবার রাতে বুরকিনা ফাসোর বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আলবিসেলেস্তাদের।

আরও পড়ুন