EN ☀️
×

Follow Us

খেলা

ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি ইউরোপের চার শীর্ষ লিগের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি ইউরোপের চার শীর্ষ লিগের
অ অ

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি আ ও স্পেনের লা লিগা যৌথভাবে ফিফার শাসনব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে।

চার লিগের দাবি, ফিফার সিদ্ধান্ত গ্রহণে ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত অংশীজনদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফিফার সাংবিধানিক ক্ষমতার স্পষ্ট সীমারেখা নির্ধারণ এবং সংস্থাটির নিয়ন্ত্রক ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে আরও পরিষ্কার পার্থক্য করা প্রয়োজন।

তারা একটি স্থায়ী প্রতিনিধিত্বশীল কাঠামো গঠনেরও দাবি জানিয়েছে। এতে জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব এবং পুরুষ ও নারী ফুটবলের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছে।

চার লিগের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিফার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্য ও প্রমাণভিত্তিক প্রক্রিয়া অনুসরণের ওপরও জোর দিয়েছে তারা।

ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বাইরের বিনিয়োগ আনার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়েও চলতি বছর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফসহ বিভিন্ন পক্ষ এর বিরোধিতা করে। পরে জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করে ফিফা।

চার লিগের মতে, ওই পরিকল্পনা বাতিল হলেও যে পরিস্থিতি থেকে এর উদ্ভব হয়েছিল, তা পুরোপুরি দূর হয়নি। তাই ফিফার কাঠামোয় আরও ভারসাম্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এখনই সংস্কার প্রয়োজন।

আরও পড়ুন