এশিয়ান গেমস ক্রিকেট
কোয়ার্টারে বাংলাদেশের সামনে যে চমক অপেক্ষা করছে
বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল মালয়েশিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন দাসের বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। লিটন দাসের দল শেষ আটে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া।
নিশিনের মাঠে আজ মালয়েশিয়ার খেলার কথা ছিল ওমানের বিপক্ষে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করে মালয়েশিয়া।
দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ‘বি’ গ্রুপের রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।
গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। আজ এই গ্রুপে নেপাল ও জাপানের ম্যাচও বৃষ্টিতে ভেসে গেছে। এতে স্বাগতিক জাপান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
গ্রুপ শীর্ষে থাকা নেপালের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই মঞ্চে আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ভারত। বাংলাদেশের ম্যাচ মঙ্গলবার বেলা ১১টায়। সেদিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সম্প্রতি মালয়েশিয়া দল বাংলাদেশে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে একটি সিরিজও খেলেছে।