বার্সেলোনার রাজস্ব ছাড়াল ১ বিলিয়ন ইউরো, তবু ১৮ মিলিয়ন ক্ষতি
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক দিক থেকেও বড় মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির রাজস্ব প্রথমবারের মতো ১ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। ক্লাবের ইতিহাসে রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে তারা।
এর মাধ্যমে ইউরোপের ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে ১ বিলিয়ন ইউরোর বেশি রাজস্ব আয়ের মাইলফলক ছুঁয়েছে বার্সেলোনা। আগের অর্থবছরের তুলনায় এবার ক্লাবটির রাজস্ব বেড়েছে ৬৬ মিলিয়ন ইউরো।
তবে আয় বাড়লেও মৌসুম শেষে লাভ করতে পারেনি কাতালান ক্লাবটি। ২০২৫-২৬ অর্থবছরে বার্সেলোনার নিট ক্ষতি হয়েছে ১৮ মিলিয়ন ইউরো।
কনসালটিং প্রতিষ্ঠান ডেলয়েটের ফুটবল মানি লিগের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে প্রথম ক্লাব হিসেবে ১ বিলিয়ন ইউরোর বেশি রাজস্ব আয় করেছিল রিয়াল মাদ্রিদ। ওই মৌসুমে স্প্যানিশ ক্লাবটির রাজস্ব ছিল ১ দশমিক ০৪ বিলিয়ন ইউরো। পরের মৌসুমে তা বেড়ে ১ দশমিক ১৬ বিলিয়ন ইউরো হয়।
২০২৪-২৫ মৌসুমের রাজস্বের হিসাবে ডেলয়েটের শীর্ষ পাঁচে রিয়াল মাদ্রিদের পর ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই ও লিভারপুল।
বার্সেলোনা জানিয়েছে, চলতি মৌসুমেও তাদের রাজস্ব বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছে। একই সঙ্গে গত মৌসুমের ক্ষতি কাটিয়ে এবার সামান্য হলেও লাভের মুখ দেখার পূর্বাভাস দিয়েছে ক্লাবটি।
ফলে মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক পুনরুদ্ধারের দিক থেকেও বার্সেলোনার জন্য চলতি মৌসুমটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।