EN ☀️
×

Follow Us

খেলা

জিন্নাতের হাত ধরে ৪ দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

জিন্নাতের হাত ধরে ৪ দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
অ অ

জাপানকে হারাতে পারলেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি কর্মকর্তা ও সাংবাদিকদের ভিড় ছিল। তবে জাপানের কাছে কাবাডি দল হেরে যাওয়ায় পদক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যেই আসে সুখবর। উশুতে পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার।

নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠেছেন জিন্নাত। উশুতে সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিযোগীও ব্রোঞ্জ পদক পান। এশিয়ান গেমসেও এই নিয়ম প্রযোজ্য।

বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দলের কোচ দিলদার হাসান দিলু বলেন, কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তিনি ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হয়েছেন। ফলে জিন্নাত সেমিফাইনালে উঠেছেন। একই সঙ্গে তার ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে।

এর আগে ২০২৫ সালের ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে বাংলাদেশ পদক পেয়েছে—এমন খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, ওই ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা কম থাকায় ব্রোঞ্জ পদকের জন্য আলাদা ম্যাচ খেলতে হবে। তাই এবারও জিন্নাতের পদক নিশ্চিত হওয়া নিয়ে কারও কারও সংশয় ছিল।

দিলু বলেন, ছয়জনের কম প্রতিযোগী থাকলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এবার ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী ১৫ জন। তাই সেমিফাইনালে হেরে যাওয়া দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাবেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদও জিন্নাতের পদকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসে সেমিফাইনালে ওঠা খেলোয়াড় পদক পান। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তাই তার পদকও নিশ্চিত। আয়োজক কমিটির সঙ্গে এ বিষয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

৫২ কেজি নারী ইভেন্টে ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলেন। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা।

ফ্লোরেন্তিনা প্রি-কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনের কিলাপোকে হারিয়েছিলেন। ২০ সেপ্টেম্বর তিনি খেলায় অংশও নেন। তবে পরে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে জিন্নাত কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসে পদক নিশ্চিত করেছেন।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশের সর্বশেষ পদক।

এরপর এশিয়ান গেমসে কাবাডি ও ক্রিকেটে পদক পেয়েছে বাংলাদেশ। তবে সেগুলো ছিল দলীয় ইভেন্টের পদক। চার দশক পর এবার আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে জিন্নাতের এই পদক নিশ্চিত হচ্ছে কোনো ম্যাচে না লড়েই।

আরও পড়ুন