জাপানের কাছে হেরে পদক নিয়ে শঙ্কায় বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
নাগোয়া শহরের এক প্রান্তে তোকাই দরি ইনডোর স্টেডিয়াম। গ্যালারিতে ঢুকতেই শোনা যাচ্ছিল ‘নিপ্পন, নিপ্পন’ স্লোগান। কারও হাতে জাপানের পতাকা, কারও গায়ে জাতীয় দলের জার্সি। কোর্টের বাইরেও যেন বাংলাদেশের ওপর চাপ তৈরির চেষ্টায় কমতি ছিল না জাপানি সমর্থকদের।
কাবাডিতে জাপান বাংলাদেশের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল দল। তাই জাপানকে হারিয়ে আজই এশিয়ান গেমসে পদক নিশ্চিত করবে বাংলাদেশ—এমন প্রত্যাশাই ছিল। কিন্তু ম্যাচে ঘটল উল্টোটা। রেইড ও ডিফেন্সে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে ৪০-৩৬ পয়েন্টে হারিয়ে দিয়েছে জাপান।
এই হারে পদক নিয়ে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অন্যদিকে চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। জাপানও বাংলাদেশকে হারিয়ে দুই জয়ের মালিক হয়েছে। ফলে অন্য দলগুলোর ফলের ওপরও নির্ভর করতে হতে পারে বাংলাদেশের গ্রুপ রানার্সআপ হওয়ার সমীকরণ।
শুরু থেকেই চাপে বাংলাদেশ
ম্যাচের শুরুতেই ২-৩ পয়েন্টের ব্যবধান গড়ে নেয় জাপান। পদক প্রায় নিশ্চিত ধরে নেওয়ার আত্মবিশ্বাস হয়তো বাংলাদেশের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলেছিল। অন্যদিকে জাপান শুরু থেকেই ছিল আক্রমণাত্মক।
একপর্যায়ে বাংলাদেশকে অলআউট করে লোনা আদায় করে নেয় জাপান। প্রথমার্ধ শেষে ২২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকেরা।
বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান দলের অন্যতম নির্ভরযোগ্য রেইডার। কিন্তু আজ তাঁর কয়েকটি রেইডও সফল হয়নি। একাধিকবার রেইডে গিয়ে জাপানি ডিফেন্ডারদের হাতে ধরা পড়েছেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের দুর্দশা কাটেনি। পাঁচ মিনিটের মধ্যেই আবার অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় লোনা আদায় করে জাপান ব্যবধান বাড়িয়ে নেয় ১১ পয়েন্টে।
শেষ দিকে জমে উঠেছিল ম্যাচ
১০ পয়েন্টের বেশি ব্যবধান থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে ম্যাচে ফেরে বাংলাদেশ। লোনা থেকে তিন পয়েন্ট পেয়ে ব্যবধান কমে দাঁড়ায় ৩৪-২৮।
এরপর আরও এগিয়ে যায় বাংলাদেশ। কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান নেমে আসে মাত্র এক পয়েন্টে—৩৫-৩৪।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু জাপানের পরের আক্রমণে দারুণ ট্যাকেলে দুই পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকেরা। আবার চার পয়েন্টের ব্যবধান তৈরি হয়। সেখান থেকেই ম্যাচটি বাংলাদেশের নাগালের বাইরে চলে যেতে শুরু করে।
শেষ তিন মিনিটে ঢোকার আগেই দুই দলের রিভিউ শেষ হয়ে যায়। শেষ দুই মিনিট বেশ সতর্কতার সঙ্গে পার করে জাপান। বাংলাদেশের শেষদিকের দ্বিতীয় রেইডেও কোনো পয়েন্ট আসেনি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন জাপানি সমর্থকেরা। কোর্টে উৎসবে মেতে ওঠেন জাপানের খেলোয়াড়েরাও। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়েরা হতাশ হয়ে কোর্টে বসে পড়েন।
যে ম্যাচ জিতে আজই পদক নিশ্চিত করার প্রত্যাশা ছিল, সেই ম্যাচে জাপানের কাছে হেরে এখন পদকের সমীকরণেই আটকে যেতে হচ্ছে বাংলাদেশকে।