EN ☀️
×

Follow Us

খেলা

প্রথমবার ভারতের মুখোমুখি হয়ে ২ রানের আক্ষেপে থামল জাপান

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

প্রথমবার ভারতের মুখোমুখি হয়ে ২ রানের আক্ষেপে থামল জাপান
অ অ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়ে দারুণ লড়াই করেছে জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিল মাত্র ৫ ওভারে। আর সেই ছোট সংস্করণের ম্যাচেই ভারতকে শেষ বল পর্যন্ত চাপে রেখেছিল জাপান। শেষ পর্যন্ত মাত্র ২ রানে হারতে হয়েছে তাদের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সানোতে টস জিতে আগে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩০ রানে থামে জাপানের ইনিংস।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৫ ওভারে নামানো হয়। ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইয়ামামুতু-লাকে হারায় জাপান। এরপর ইব্রাহিমও মাত্র ৪ রান করে ফিরে গেলে ৭ রানেই ২ উইকেট হারায় তারা।

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান কাদাওকি-ফ্লেমিং ও ইটু-ডেভিস। দুজনের জুটিতে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে জাপানের প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু সেই সমীকরণ আর মেলাতে পারেনি তারা। কাদাওকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করেন। ইটু-ডেভিস ৮ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

এর আগে ভারতের শুরুটাও ছিল মন্থর। ইনিংসের প্রথম বলেই ফিরে যান অভিষেক শর্মা। ইশান কিশানও ৬ বলে করেন মাত্র ৩ রান। সাঞ্জু স্যামসন একটি বাউন্ডারি হাঁকালেও ৯ রানের বেশি করতে পারেননি।

ভারতের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কে পৌঁছান শ্রেয়াস আইয়ার। ১২ বলে ১৬ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫ ওভারে ৩২ রানেই থামে ভারতের ইনিংস।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দুই দলের অবস্থানের বিশাল ব্যবধান থাকলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। শেষ পর্যন্ত জয় না পেলেও ভারতের বিপক্ষে জাপানের এই লড়াই স্মরণীয় হয়ে থাকল।

আরও পড়ুন