EN ☀️
×

Follow Us

খেলা

আইপিএলে চেন্নাইয়ের নতুন কোচ জহির খান

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

আইপিএলে চেন্নাইয়ের নতুন কোচ জহির খান
অ অ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। ২০২৭ মৌসুম সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের পর স্টিফেন ফ্লেমিং সরে দাঁড়ানোয় তার জায়গায় দায়িত্ব নেবেন জহির।

খেলোয়াড় হিসেবে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল জহিরের। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে সিএসকের দায়িত্ব নিয়ে এবারই প্রথম কোনো দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক এই বাঁহাতি পেসারকে।

কোচিং ও দল পরিচালনায় অবশ্য অভিজ্ঞতা রয়েছে জহিরের। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে ক্রিকেট পরিচালক ও গ্লোবাল হেড অব ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে লখনউয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

সিএসকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জহির। ফ্র্যাঞ্চাইজিটির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের মুখোমুখি হয়েছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চিপকে সুপারফ্যানদের তৈরি করা পরিবেশও দলটিকে বিশেষ করে তোলে। সমৃদ্ধ ইতিহাসের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে আর তর সইছে না।’

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির। ১০০ ম্যাচে তার উইকেট ১০২টি। ২০১০ ও ২০১১ সালে আইপিএলের ফাইনালেও খেলেছেন তিনি। দুই ফাইনালেই তাঁর প্রতিপক্ষ ছিল সিএসকে।

সাম্প্রতিক সময়ে অবশ্য প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না চেন্নাই। ২০২৩ সালে শিরোপা জয়ের পর থেকে আর প্লে-অফে উঠতে পারেনি দলটি। ২০২৫ মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ করার পর তরুণ ক্রিকেটারদের নিয়ে দল পুনর্গঠনে মনোযোগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

আয়ুশ মাহাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস ও কার্তিক শর্মার মতো তরুণ ক্রিকেটারদের দলে নিলেও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি করতে পারেনি চেন্নাই। নতুন কোচ জহিরের অধীনে ২০২৭ মৌসুমে দলটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন