EN ☀️
×

Follow Us

খেলা

অনেক ক্লাবের চেয়েও বেশি অনুসারী—কে এই নারী রেফারি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ এএম

অনেক ক্লাবের চেয়েও বেশি অনুসারী—কে এই নারী রেফারি
অ অ

ইতালিয়ান ফুটবলের নিচের সারির লিগে ম্যাচ পরিচালনা করেই আলোচনার কেন্দ্রে এক তরুণী। নাম তার জুলিয়ানা ভিজিলে।

মাঠে তিনি সহকারী রেফারি, আর মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। ইন্সটাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি, যা ইতালির অনেক ফুটবল ক্লাবের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

জুলিয়ানা ভিজিলের জন্ম ইতালির চেজেনায়। শৈশব ও বেড়ে ওঠার বেশির ভাগ সময় কেটেছে এই শহরেই।

তার পড়াশোনার শুরু চেজেনার ভিনচেনজো মন্তি ক্লাসিক্যাল হাইস্কুলে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি আন্তর্জাতিক ও কূটনৈতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি ফুটবলই হয়ে ওঠে জুলিয়ানার বড় আগ্রহ।

সপ্তাহের কর্মব্যস্ততার পর সপ্তাহান্তে তাকে দেখা যায় মাঠে। ইতালিয়ান ফুটবলের আঞ্চলিক পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৩ বছরের এই তরুণী। পরে সুযোগ পান দেশটির চতুর্থ স্তরের প্রতিযোগিতা সিরি ‘ডি’-তে। 

তবে জুলিয়ানার পরিচিতি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় আটকে নেই। ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্ত জানিয়েছে, মাঠে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।

ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনের মূল্যায়নকারীরা গত কয়েক বছরে তার ম্যাচ পরিচালনায় নিয়মিত উচ্চ নম্বর দিয়েছেন।

মাঠে জুলিয়ানার উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে। লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যে ম্যাচে দায়িত্বে থাকেন, সেই ম্যাচে সাধারণ সময়ের তুলনায় দর্শক উপস্থিতি বেশি দেখা গেছে। 

ফুটবলের পাশাপাশি জুলিয়ানা মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল মাঠের ছবি, ভ্রমণ, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন। 

এত জনপ্রিয়তার মাঝেও লক্ষ্য বদলায়নি জুলিয়ানার। তার স্বপ্ন একদিন ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায় সিরি ‘এ’-তে রেফারির দায়িত্ব পালন করা। মাঠের পারফরম্যান্স ও ধারাবাহিক মূল্যায়নই সেই স্বপ্নপূরণের পথে তার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন