EN ☀️
×

Follow Us

খেলা

পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের ছেলেদের

জুনিয়র এশিয়া কাপ হকিতে ছেলেদের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে জাপান ম্যাচের ওপর

খেলা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের ছেলেদের
অ অ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশের ছেলেদের দল। তিনটি গোলই এসেছে ফিল্ড গোল থেকে। ৯ ও ১২ মিনিটে প্রথম দুই গোল করেন ওয়ালিদ রানা। ৫২ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন গোলাম মোস্তফা।

৫ দলের গ্রুপে চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ। এই একমাত্র জয়টি এসেছিল গতকাল কাজাখস্তানের বিপক্ষে। কাজাখস্তান তাদের চার ম্যাচের সব কটিতেই হেরেছে।

গ্রুপ পর্বে চতুর্থ হওয়ায় বাংলাদেশকে এখন খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ। এখানে সবচেয়ে ভালো করলে বাংলাদেশ হবে পঞ্চম, আর সবচেয়ে খারাপ করলে হবে অষ্টম। চীনের মোকি শহরে চলমান জুনিয়র এশিয়া কাপে (অনূর্ধ্ব-২০) আগামী পরশু জাপানের বিপক্ষে ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা।

যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গতবার ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছিল। এবার জাপানকে হারাতে পারলে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হবে। তাই জাপানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য জীবন-মরণ লড়াই হয়ে দাঁড়িয়েছে।

এই লড়াই জিতেই বিশ্বকাপের টিকিট পেতে চান বাংলাদেশ দলের কোচ মওদুদুর রহমান। চীন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, গ্রুপ পর্বে ফল হতাশাজনক হলেও ছেলেরা ভালো খেলেছে। কিছু ভুলের কারণে এই ফল হয়েছে। জাপানের বিপক্ষে জিতলে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হবে, আর ষষ্ঠ হলেই মিলবে বিশ্বকাপের টিকিট। মওদুদুর বলেন, “বিশ্বকাপে খেলার শেষ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ওটা আমাদের জীবন-মরণ ম্যাচ। আশা করি ভালো খেলে জিতব।”

এদিকে বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ ভাগ্যও নির্ভর করছে জাপান ম্যাচের ওপর। আজ হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে জুনিয়র নারী এশিয়া কাপে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তাদের প্রতিপক্ষ জাপান। জাপানকে হারালেই প্রথমবারের মতো নারী যুব বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।

আরও পড়ুন