মেসির পর আর্জেন্টিনার আর্মব্যান্ড উঠল রোমেরোর হাতে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত
মেসির বিদায়ের পর নতুন এক অধ্যায়ে পা রাখছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের নেতৃত্বের ভার এবার উঠছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর কাঁধে; লিওনেল স্কালোনির আস্থায় ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারই হচ্ছেন জাতীয় দলের নতুন অধিনায়ক।
২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা অবশ্য কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৈশ্বিক আসরের বহু মাস আগেই এ পরিকল্পনা কষে রেখেছিল আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ।
মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোর হাতেই যে আর্মব্যান্ড শোভা পাবে, তা একপ্রকার নির্ধারিতই ছিল।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যাত্রার অন্যতম রূপকার। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য।
অধিনায়ক হিসেবে নতুন এক ফুটবল চক্র শুরু করতে যাচ্ছেন রোমেরো।
মাঠের নেতৃত্বের এই মিশনে তার সহযোগী ও সহ-অধিনায়ক হিসেবে পাশে পাচ্ছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থদের।