১৬তম চ্যাম্পিয়নস লিগ জিততে প্রস্তুত রিয়াল: ভিনিসিয়ুস
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার সেই সংখ্যা ১৬-তে নিতে আত্মবিশ্বাসী দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
সর্বশেষ দুই চ্যাম্পিয়নস লিগ মৌসুম রিয়ালের প্রত্যাশামতো কাটেনি। সেই হতাশা পেছনে ফেলে নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান ভিনিসিয়ুস।
রিয়ালের অফিসিয়াল মিডিয়ায় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আশা করি ১৬তম শিরোপা জিতব। ট্রফি জিততে আমরা প্রস্তুত। এটা আমাদের প্রতিযোগিতা। সর্বশেষ দুই মৌসুম আমাদের ভালো কাটেনি।’
শিরোপা জয়ের পথে রিয়ালের প্রাথমিক লক্ষ্য শেষ আটে জায়গা করে নেওয়া। ভিনিসিয়ুস বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য শেষ আটে পৌঁছানো। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমরা সব সময় রোমাঞ্চিত। সর্বশেষ দুই মৌসুমের চেয়ে এবার ভিন্ন কিছু হবে। আমরা এটি জিততে যাচ্ছি।’
আজ রাত থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে রিয়াল। তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব ইন্টার মিলান।
ইন্টারকে নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ এলেই অনুভূতি অন্য রকম লাগে। দুর্দান্ত এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা পুরোপুরি প্রস্তুত। তারা অবশ্যই আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে।’
ইতালিয়ান ক্লাবটির শক্তির দিকও তুলে ধরেছেন ভিনিসিয়ুস। তাঁর ভাষায়, ‘দল হিসেবে ইন্টার অত্যন্ত শক্তিশালী। তারা রক্ষণভাগে পাঁচজন খেলোয়াড় রাখে, যা সাধারণত আমাদের জন্য কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি করে। তবে কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করেছেন।’
চোটের কারণে দলের কয়েকজন খেলোয়াড় না থাকায় কাজটা কিছুটা কঠিন হবে বলেও স্বীকার করেছেন ভিনিসিয়ুস। তবে মাঠে থাকা সবাই নিজেদের সেরাটা দিয়ে লড়বেন বলে জানিয়েছেন তিনি।
সমর্থকদের সমর্থনকে শক্তি হিসেবে উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, ‘আশা করি, এই ধরনের ম্যাচে সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া চমৎকার মেলবন্ধনের মাধ্যমে আমরা জয় পেতে পারব।