EN ☀️
×

Follow Us

খেলা

চার ফুটবল মাঠ থেকে স্পোর্টস সিটি! বসুন্ধরার পরিকল্পনায় আসছে আরও যেসব খেলা

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

চার ফুটবল মাঠ থেকে স্পোর্টস সিটি! বসুন্ধরার পরিকল্পনায় আসছে আরও যেসব খেলা

বসুন্ধরা স্পোর্টস সিটি। ছবি: সংগৃহীত

অ অ

বসুন্ধরা স্পোর্টস সিটির পরিকল্পনা দিন দিন বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। চলতি বছরের মধ্যেই স্পোর্টস সিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আশা করছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও থাকা ইমরুল হাসান জানান, শুরুতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে দুটি ফুটবল মাঠ থাকলেও বর্তমানে সেখানে চারটি মাঠ রয়েছে। পাশাপাশি দুটি ক্রিকেট মাঠের সঙ্গে যুক্ত হয়েছে হকি ও প্যাডেল টেনিস। সামনে স্কোয়াশও যুক্ত হচ্ছে।

স্পোর্টস সিটির অগ্রগতি নিয়ে ইমরুল হাসান বলেন, ‘আগে আমাদের দুটি ফুটবল মাঠ ছিল, এখন চারটি মাঠ হয়েছে। একইভাবে দুটি ক্রিকেট মাঠ, হকি এবং প্যাডেল টেনিস নতুন যুক্ত হয়েছে। স্কোয়াশও আসছে।’

তিনি বলেন, যেভাবে কাজ এগিয়ে চলছে, তাতে চলতি বছরের মধ্যেই বসুন্ধরা স্পোর্টস সিটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে বলে তাঁরা আশাবাদী।

ফুটবলে বসুন্ধরা কিংস এবং ক্রিকেটে রংপুর রাইডার্স (বিপিএল) ও বসুন্ধরা স্ট্রাইকার্স (ডিপিএল) ইতিমধ্যে দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে অন্যান্য খেলাতেও বসুন্ধরা গ্রুপ যুক্ত হতে আগ্রহী বলে জানান ইমরুল।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আমরা আশা করছি ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস, ভলিবলে যুক্ত হব। এ ছাড়া হকি একটা বড় খেলা। হকিতেও বসুন্ধরা গ্রুপের দল দেখতে পেলে আপনাদের অবাক হওয়ার কিছু থাকবে না।’

এদিকে সামনে বিশ্ব দাবা সংস্থার (ফিদে) নির্বাচন। ওই নির্বাচনে সভাপতি পদে একজন ধনকুবের প্রার্থী হচ্ছেন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইমরুল হাসান জানান, ওই প্রার্থীর গ্রুপ বাংলাদেশের খেলাধুলা ও বসুন্ধরা স্পোর্টস সিটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনার অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরুল হাসান। একই সঙ্গে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিসর আরও বাড়ানোর পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন