তেভেজের বিদায়ী ম্যাচে একসঙ্গে খেলতে পারেন মেসি-রোনালদো
ডিসেম্বরে বোম্বোনেরায় আয়োজিত ম্যাচে আমন্ত্রণ পেয়েছেন দুই তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে মেসি ও রোনালদোকে।
কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে।
আর্জেন্টিনার সাবেক এই তারকার সম্মানে ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে, যেখানে আমন্ত্রিতদের তালিকায় আছেন দুজনই।
খবরটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস ও টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওস।
তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে, বোকা জুনিয়র্সের জার্সিতে। এক বছর পর অবসরের ঘোষণা দিলেও আনুষ্ঠানিক বিদায় নেননি এখনো। ৪২ বছর বয়সী এই তারকা এবার সেই বিদায়ী ম্যাচই আয়োজন করতে যাচ্ছেন, বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতি নিয়ে।
খেলা ছাড়ার পর কোচিংয়েও একটা পথ পাড়ি দিয়েছেন তেভেজ—রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও তায়ারেসে দায়িত্ব পালন করেছেন, তবে এই মুহূর্তে দলহীন।
তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের প্রায় ৬০ জন সাবেক সতীর্থকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে, যার অংশ হিসেবেই ডাক পেয়েছেন মেসি ও রোনালদো।
তেভেজ মেসির সঙ্গে খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে, আর ২০০৭-০৯ সালে রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে।
তবে এমএলএসে খেলা মেসি ও সৌদি প্রো লিগে খেলা রোনালদো ওই সময় সত্যিই মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়—ইন্টার মায়ামির মৌসুম শেষ হলেও আল নাসরের খেলা থাকার কথা তখন।