EN ☀️
×

Follow Us

খেলা

৭৫ লাখ পাউন্ডে মার্তিনেজকে কিনছে চেলসি

চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন তিনি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

৭৫ লাখ পাউন্ডে মার্তিনেজকে কিনছে চেলসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে টানছে চেলসি।

অ অ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে টানতে যাচ্ছে চেলসি। তাঁকে কিনতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডে (প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা) সম্মত হয়েছে ক্লাবটি। এখন লন্ডনে চেলসির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার অপেক্ষায় আছেন মার্তিনেজ।

আগামী সপ্তাহে ৩৪ বছরে পা রাখবেন তিনি। দ্য টাইমস জানিয়েছে, চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন মার্তিনেজ, যা আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।

চেলসির মূল দলে সম্প্রতি প্রথমবার যোগ দিয়েছেন তরুণ গোলকিপার মাইক পেন্ডার্স, যাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে চায় ক্লাব। তবে মার্তিনেজের স্বল্পমেয়াদি চুক্তি স্কোয়াডে বাড়তি স্বস্তি আনবে। গত সোমবার ফুলহামের বিপক্ষে জয়ের ম্যাচে গোলকিপার রবার্ট সানচেজের দুটি ভুলের পর তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্তিনেজ গত দুই মৌসুমেই ভিলা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুম শেষে বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি, তবে দলবদল চূড়ান্ত না হওয়ায় ভিলাতেই থেকে যান। ভিলা এবার পার্মা থেকে জাপানের গোলকিপার জিওন সুজুকিকে দলে টেনেছে এবং তাঁকে নতুন এক নম্বর গোলকিপার ঘোষণা করেছে। এরপর থেকে আলাদাভাবে অনুশীলন করছেন মার্তিনেজ।

এবার জুভেন্টাসের সঙ্গে সম্ভাব্য চুক্তি আঙুলের চোটের কারণে ভেস্তে যাওয়ার পর মার্তিনেজের প্রতিনিধিরা প্রস্তাব দেন চেলসিকে। ইএসপিএন জানিয়েছে, চেলসির এক নম্বর গোলকিপার হতে পারেন মার্তিনেজ।

আরও পড়ুন