EN ☀️
×

Follow Us

খেলা

পেশাদার ফুটবলে ১০০০ ম্যাচের মাইলফলকে দি মারিয়া

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

পেশাদার ফুটবলে ১০০০ ম্যাচের মাইলফলকে দি মারিয়া

৩৮ বছর বয়সেও দাপিয়ে খেলে যাচ্ছেন আনহেল দি মারিয়া।

অ অ

পেশাদার ফুটবল ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার বিরল মাইলফলক ছুঁলেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। গত ১৩ আগস্ট কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোর প্রথম লেগে এই মাইলফলকের দেখা পান তিনি। ম্যাচটি খেলেন তাঁর শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে।

২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখেন ৩৮ বছর বয়সী এই তারকা। বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে, নিজের শৈশবের ক্লাবেই।

বিশ্বজুড়ে খুব বেশি ফুটবলার এই মাইলফলকের দেখা পাননি। ফুটবলের তথ্যপঞ্জি সংরক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের হিসাবে, শীর্ষ পর্যায়সহ সব ধরনের আঞ্চলিক ও অপেশাদার লিগ, বয়সভিত্তিক দল এবং বাতিল হওয়া ম্যাচ মিলিয়ে ১০০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মোট ৮২ ফুটবলার।

তবে শুধু শীর্ষ পর্যায়ের লিগ, জাতীয় ও আন্তর্জাতিক কাপ প্রতিযোগিতা এবং অনূর্ধ্ব-২৩ দল ধরলে তালিকাটি ছোট হয়ে আসে। আরএসএসএসএফের হিসাবে শীর্ষ পর্যায়ে ১০০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন ৩২ ফুটবলার। দি মারিয়া তাতে সর্বশেষ সংযোজন। উইকিপিডিয়ার তালিকায়ও এই মাইলফলক ছোঁয়া ৬৩ জন ফুটবলারের মধ্যে আছেন তিনি।

পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত দি মারিয়ার মোট ম্যাচসংখ্যা ১০০২। তবে আরএসএসএসএফের ওয়েবসাইটে তাঁর নামের পাশে সংখ্যাটি একটি কম দেখাচ্ছে। কারণ, গতকাল আর্জেন্টিনার শীর্ষ লিগে তাল্লেরাসের বিপক্ষে রোজারিওর হয়ে খেলা ম্যাচটি এখনো সেখানে যোগ হয়নি। আরএসএসএসএফের ওয়েবসাইট শুধু কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোর ফিরতি লেগ পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।

আর্জেন্টাইন ফুটবলে দি মারিয়াই এই মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় নন। তাঁর আগে এই কীর্তি গড়েছেন দুজন। একজন দি মারিয়ার সাবেক সতীর্থ লিওনেল মেসি, অন্যজন সাবেক ফুলব্যাক হাভিয়ের জানেত্তি। আরএসএসএসএফের হিসাবে মেসি শুধু শীর্ষ পর্যায়ে খেলেছেন ১১৬৮ ম্যাচ, যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’র হিসাবে তা ১১৭০। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী জানেত্তি আরএসএসএসএফের হিসাবে শীর্ষ পর্যায়ে খেলেছেন ১০৮১ ম্যাচ, এল গ্রাফিকোর হিসাবে ১০৯৯।

২০০৫ সালের ১৪ ডিসেম্বর রোজারিওর হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক হয় দি মারিয়ার। এরপর ইউরোপে বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের লিগ জিতেছেন এবং রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৫ ম্যাচ।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম সেরা সময়ের সারথিও দি মারিয়া। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জিতেছেন বিশ্বকাপ ও ফিনালিসিমাও। ক্যারিয়ারে সব মিলিয়ে ২৪৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৮৪ গোল। লাল কার্ড দেখেছেন ১০ বার।

আরও পড়ুন