বাংলাদেশকে সিরিজ জয়ের উপায় বাতলে দিলেন সাবেক কোচ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:১৪ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়ের কাজ শেষ। এবার সিরিজ জয়ের পালা। কিভাবে জিততে হবে, সেটার উপায়ই এবার বাতলে দিলেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড।
সাবেক শিষ্যদের ডোনাল্ড পরামর্শ দিয়েছেন, কোনোভাবেই কৌশলে পরিবর্তন আনা যাবে না। ডারউইনের মতোই লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে হবে বাংলাদেশের। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ভিডিও বার্তায় সাবেক পেস বোলিং কোচ বলেছেন, “দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রায়ই মনে হতে পারে—‘সব তো ঠিক আছে, আমরা সিরিজ হারতে পারি না’—এমন রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ভাবা কিংবা যেকোনো উপায়ে ড্র করতে পারলে কাজ হয়ে যাবে।’
প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্স ডারউইন টেস্টে বাংলাদেশকে তাতিয়ে দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। মূল ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে জানিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার বলেছেন, ‘ম্যাচের আগে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর যে কারো ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপর দলের সেই ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া ছিল সত্যিই দারুণ।’
হাসান মাহমুদসহ বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেছেন ডোনাল্ড। ক্রিকেটে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক পেসার বলেছেন, ‘তারা অত্যন্ত আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ছন্দে। তাকে দেখে ভীষণ ভালো লাগছে। কয়েক বছর আগে নেটে যখন প্রথম দেখি, তখনই আমার মনে হয়েছিল ছেলেটা অসাধারণ প্রতিভাবান। বলের ওপর চমৎকার নিয়ন্ত্রণ তার। একদম সঠিক জায়গায় বল ফেলে দুই দিকেই সুইং করাতে সক্ষম।’
বাংলাদেশের পেস গভীরতা নিয়ে ডোনাল্ড বলেছেন, ‘পেস আক্রমণ কতটা গভীর ও শক্তিশালী, যখন নাহিদ রানা না থাকলেও ইবাদত হোসেনের মতো কেউ এসে নিজের কাজটি নিখুঁতভাবে করতে পারে তখন তা ভালোভাবে বোঝা যায়। এটাই প্রমাণ করে বাংলাদেশের বোলিং লাইনআপে বেশ ভালো একটা গভীরতা তৈরি হচ্ছে, তা দেখে সত্যিই খুব ভালো লাগছে।’
আগামী ২২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকাইয়ে। ডারউইনে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে।