মালয়েশিয়ায় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছে আনসার-ভিডিপি দল
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছে আনসার-ভিডিপি নারী বেসবল দল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের আগে আনসার-ভিডিপি সদর দপ্তরে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন মহাপরিচালক।
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
এ উপলক্ষে রবিবার বাহিনীর সদর দপ্তরে নারী বেসবল দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান এবং তাঁদের সাফল্য কামনা করেন।
সেলাঙ্গরের ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এবারের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নারী বেসবল দল অংশ নেবে।
আনসার-ভিডিপির নারী বেসবল দল আগামীকাল ১০ আগস্ট মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে। দলটি ১৭ আগস্ট পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।
আনসার-ভিডিপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে বাহিনীটি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাহিনীর ক্রীড়া দল ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। এবার মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপেও ভালো ফলের প্রত্যাশা করছে দলটি।